চট্টগ্রাম বন্দরে জাল সিগারেট স্ট্যাম্পের একটি কনটেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রাজস্ব ফাঁকি দিয়ে এফোর সাইজের কাগজের ভেতরে লুকিয়ে আনা হয়েছে এসব জাল সিগারেট স্ট্যাম্প।
জানা গেছে, নগরীর জুবিলি রোডের আরাফাত এন্টারপ্রাইজের মাধ্যমে এক কন্টেইনার এফোর সাইজের প্রিন্টিং কাগজ আমদানি করা হয়। চালানটি আমদানির জন্য ইউনিয়ন ব্যাংক থেকে এলসি করা হয়।
আজ বুধবার (২২ ডিসেম্বর) চালান সংশ্লিষ্ট কন্টেইনার নামিয়ে বন্দরের অভ্যন্তরে নিয়ম অনুযায়ী কায়িক পরীক্ষা শুরু হয়েছে। শতভাগ পরীক্ষা শেষে জাল সিগারেটের স্ট্যাম্পের প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
সূত্র আরও জানায়, কর্মকর্তারা পর্যালোচনা শেষে চালানটিতে মিথ্যা ঘোষণায় সিগারেটের প্যাকেটে ব্যবহারযোগ্য জাল স্ট্যাম্প থাকার বিষয়টি সন্দেহ করেন। পরে এআইআর টিম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটির বিল অব অ্যান্ট্রি লক করে।
