সাম্পান ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উউদ্দেশ্যে বলেছেন, আপনাদের হাতে আর সময় নেই। এখনই পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
শনিবার বিকালে খুলনা বিভাগ বিএনপি’র গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তৃতার শুরুতে বিএনপি মহাসচিব বলেন, বীর খুলনাবাসী আপনাদের অভিবাদন। আপনারা অসাধ্যকে সাধন করেছেন। জলে-স্থলে সব জায়গায় পরিবহন বন্ধ করে দিয়েছিল। তারপরও আপনারা ছুটে এসেছেন। কোনো বাধা আপনাদের ঠেকাতে পারেনি। ইতিহাস বলে, জনগণের ন্যায়সঙ্গত দাবি শুধু শক্তি নিয়ে দাবিয়ে রাখা যায় না।
খুলনায় সমাবেশে অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই তিন দিনে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।নানা জায়গায় হামলা করা হয়েছে। বাধা দেয়া হয়েছে। আজকের এই সভায় যারা অংশ নিয়েছেন লড়াই করে এখানে উপস্থিত হয়েছেন।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ছয় ঘণ্টা থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আমরাতো শান্তিপূর্ণ লড়াই করছি। কিন্তু আমাদের সমাবেশ করতে দেয়া হচ্ছে না। বাধা দেয়া হচ্ছে। বাধা দিয়ে আর আমাদের আটকে রাখা যাবে না। মানুষ রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় করেই ঘরে ফিরবে। বক্তৃতায় বিএনপি মহাসচিব তার দল ক্ষমতায় গেলে কি করবে এমন কিছু প্রতিশ্রুতিও তুলে ধরেন। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
