নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে এ দেশ থেকে ফেরাউনের বংশধর নির্মূল করা হয়েছে। তবে স্বৈরাচার চলে গেলেও তাদের দোসররা এখনো ক্ষমতা দখল করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে। আমিরে জামায়াত যেখানেই যাচ্ছেন, জনগণ বলছে আমরা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চাই, সরকারের দায়িত্ব দিতে চায়। জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।’
শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল রাঙ্গুনিয়া পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আহসানুল্লাহ বলেন ‘এই বাংলাদেশকে যারা ভিক্ষুকের দেশে পরিণত করেছে, সেই স্বৈরাচারকে এ দেশের জনগণ আর বাংলাদেশে আসতে দেবে না। বাংলাদেশে যেন আওয়ামী লীগের নাম আর কেউ না নেয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দেশ থেকে আওয়ামী লীগের নিশানা মুছে দিতে হবে।’
বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।এসময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম নুরুল আলম প্রমুখ।
এতে অন্যদের মধ্যে ইসলামী চিন্তাবিদ জাফরুল ইসলাম চৌধুরী, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য আ জ ম ওমর, অর্থনীতিবিদ কাজী ইরফানুল হক, উপজেলার নায়েবে আমির মাওলানা শওকত হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইলিয়াস কোম্পানি, রাশেদুল আলম, সদস্য ফিরোজ আলম ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা মজলিসুল মুফাসসিরিন এর সহ সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন, রাজানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলমগীর, দক্ষিণ রাজানগরে সভাপতি ফরহাদুল আলম জুয়েল বক্তব্য রাখেন।
