বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ভেবে ব্যবসার আহ্বান মেয়রের

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ
স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ভেবে ব্যবসার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বল্প আয়ে জীবনযাপনকারী মানুষের ক্রয়ক্ষমতার কথা ভেবে ব্যবসা পরিচালনা করতে হবে। শুধু মুনাফা নয়, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতাও বিবেচনায় নেওয়া জরুরি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর আতুরার ডিপো নুর টাওয়ার সংলগ্ন ছিদ্দিক আহমেদ কেরানী সড়কে নূরউদ্দিন কোম্পানি কাঁচা বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামে সীমিত আয়ের অসংখ্য পরিবার আছে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লে তাদের জীবনে চরম কষ্ট নেমে আসে। ব্যবসায়ীরা যদি একটু সহমর্মিতা দেখান, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণের পাশে দাঁড়াতে কিচেন মার্কেটের মতো উদ্যোগ হাতে নিয়েছে, যাতে ক্রেতারা সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, ব্যবসার মুনাফা থাকবে, তবে সেটি যেন অসহায় মানুষের আহাজারির কারণ না হয়। সৎভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, আর মানুষের দোয়াও পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নগরবাসী।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares