নিজস্ব প্রতিবেদক
দুবাই থেকে বিশেষ কায়দায় চার্জার লাইটের ভেতরে করে ২৪টি স্বর্ণের বার এনে পাচারের সময় শাহ আমানত বিমান বন্দরে ধরা পড়া এক চীনা নাগরিককে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা করেছে আদালত।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা বেগমের আদালত এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম ফ্যান রংগুই।তিনি চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার বাসিন্দা । তার পাসপোর্ট নম্বর ইএ ১৭২৪৩৪৮।রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।পরে তাকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, চীনা নাগরিক ফ্যান রংগুই এর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারায় ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।এই জরিমানা না দিলে তাকে আরও ৩ মাসের কারাগারে থাকতে হবে। রায়ের সময় আসামি আদালতে হাজির ছিলেন।
উল্লেখ্য,২০১৯ সালের ৮ মে দুবাই থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সোয়া ৭টার দিকে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এ সময় চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের ব্যাগ তল্লাশিকালে সেখানে সন্দেহজনক বস্তুর উপস্থিতি লক্ষ্য করে কাস্টমসের কর্মকর্তারা। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলে তিনি ভাষাগত কারণে কোন জবাব দিতে না পারলেও দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপর তাকে ধরে ফেলা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে একটি চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। তখন এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ছিল ১ কোটি ২০ লাখ টাকা। ওই ঘটনায় ফ্যান রংগুইকে একমাত্র আসামী করে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছিল।
