বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

প্রকাশ: ৮ নভেম্বর ২০২২ | ৯:১২ পূর্বাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ
সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

আজ দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামীকাল বুধবার সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাজা শেষে উনাকে বাঁশখালী নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে বরেণ্য এই রাজনীতিবিদ জাফরুল ইসলাম চৌধুরীর মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে একজন দায়িত্বশীল অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি চট্টগ্রামে একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল জাফরুল ইসলাম চৌধুরী বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। জনপ্রতিনিধি এবং জনকল্যানমূলক নানা কাজেও তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাঁকে চিরদিন স্মরণ রাখবে। মানবকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নেতৃবৃন্দ বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র প্রতিটি সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। দেশের এই দূর্দিনে তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের ইহলোক ত্যাগে আমরা গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares