বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরা প্রেসক্লাবে রক্তাক্ত সংঘর্ষ: প্রেসক্লাবের সভাপতি-সাংবাদিকসহ আহত ৩০, সাংবাদিক সমাজে উত্তেজনা

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: ৩০ জুন ২০২৫ | ৭:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রেসক্লাবে রক্তাক্ত সংঘর্ষ: প্রেসক্লাবের সভাপতি-সাংবাদিকসহ আহত ৩০, সাংবাদিক সমাজে উত্তেজনা

সাম্পান ডেস্ক

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবার রূপ নিল ভয়াবহ সহিংসতায়।

রবিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে সশস্ত্র হামলার ঘটনায় ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রেসক্লাব সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের নেতৃত্বে একটি সভার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর এলাকা থেকে আনা সশস্ত্র ভাড়াটে বাহিনী অতর্কিতে হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন—ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমান, ডিবিসি নিউজের বেলাল হোসেন, সময় টেলিভিশনের জিয়াউর রহমান, সাংবাদিক মঈনুল ইসলাম, অনির্বাণ পত্রিকার সোহরাব হোসেন, আশরাফুল হকসহ অনেকে। গুরুতর আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল কাশেম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সভার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে অস্ত্রধারীরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে প্রেসক্লাব দখল করে রেখেছে এবং মতভেদ হলেই হামলা চালায়।’

এ ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক নেতারা বলেছেন, ‘এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

ঘটনার পর প্রেসক্লাব এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক নেতারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে। এ হামলার বিচার না হলে আরও বড় সংকট তৈরি হতে পারে।’

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares