সাম্পান ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বহু বছর ধরে দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন।সেই ধারা বজায় রেখে তারা আজ শনিবার ঈদুল আযহা উদযাপন করেছে।মুল দরবার ছাড়াও তাদের অনুসারীরা প্রায় অর্ধশতাধিক জায়গায় ঈদের নামায আদায় করেছে।
মির্জাখীল দরবার শরীফের সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে আজ সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
জানা যায়, হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীনের (ক.) পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) তত্ত্বাবধানে উনারই জানশীন হযরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজে ইমামতি করেন।
সূত্রমতে,সাতকানিয়ার মির্জাখীল ছাড়াও এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারি, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি আনোয়ারার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুণ্ডের মাহমুদাবাদে আজ মির্জাখীল দরবারের অনুসারীরা ঈদ উদযাপন করছে।
এই বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে বিগত দুই শতাধিক বছর ধরে ইয়াউমুল আরাফাহ বা পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা উদযাপন করে আসছি।বরাবরের মতো আজকেও আমরা ঈদ করেছি।
