বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সবক্ষেত্রে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহবান

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ৬:১৩ পূর্বাহ্ণ আপডেট: ২১ জুলাই ২০২২ | ৩:১৭ অপরাহ্ণ
সবক্ষেত্রে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহবান

করোনা ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং খাদ্য সংকটের চিত্র তুলে ধরে দেশের জনগণকে বিদ্যুৎ-জ্বালানিসহ সবক্ষেত্রে সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন চর ভেড়ামারা আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলাধীন মহানপাড়া আশ্রয়ণ প্রকল্প ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন জাঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্পের সঙ্গে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, একদিকে করোনা, অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে, খাদ্য কিনতে সমস্যা হচ্ছে। এসব কারণে শুধু বাংলাদেশ না বিশ্ববাপী মূল্যস্ফীতি বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। খাদ্যের জন্য হাহাকার।

‘আজকে উন্নত দেশগুলোতে পর্যন্ত হাহাকার দেখা যাচ্ছে। আজকে আমেরিকা ইউরোপসহ সব জায়গায় বিদ্যুৎ সাশ্রয় করা…ডিজেল, জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ উন্নত দেশগুলোও নিয়েছে। তাই সবাইকে অুনরোধ করতে হবে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে।’

এ সময় বিদ্যুৎ, পানি, জ্বালানি ব্যবহারে সাশ্রয় অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যাতে পরে না থাকে, খাদ্য উৎপাদন করতে হবে। লন্ডনের মতো জায়গায় এক লিটারের বেশি খাবারের তেল কেউ কিনতে পারে না। আমাদের এখানে তো ইচ্ছে করলেই পাঁচ লিটার তেল কিনতে পারছে। তবে আমাদের সাশ্রয় করতে হবে।

‘আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসবেই। সেজন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের জন্য আপদকালীন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সরকার সবসময় পাশে আছে। সতর্ক থাকবেন তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা রাখি।’

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, দলমত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশটাতো আমাদের। আর আমি যেহেতু প্রধানমন্ত্রী তার মানে প্রতিটি মানুষের দায়িত্ব আমারই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares