বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সন্ত্রাসমুক্ত পাহাড়ে শান্তি ফেরাতে সেনাবাহিনীর কঠোর অবস্থান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ
সন্ত্রাসমুক্ত পাহাড়ে শান্তি ফেরাতে সেনাবাহিনীর কঠোর অবস্থান

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি বজায় রাখা, সম্প্রীতি রক্ষা এবং স্থানীয় সব জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল হবে খুব শিগগিরই। অস্ত্রের ঝনঝনানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কেউ আর পার্বত্য চট্টগ্রামের শান্ত পরিবেশ নষ্ট করতে পারবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি–বাঙালির সবার। তাই শান্তি রক্ষায় সন্ত্রাসীদের পাহাড় থেকে উৎখাত করা হবে, স্থানীয়দের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, ডিজিএফআই কর্ণেল আতিক (জিএস), লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

অনুষ্ঠানে পানছড়ি লোগাং ও চেঙ্গি ইউপির চেয়ারম্যানসহ স্থানীয় হেডম্যান-কার্বারী এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতের কম্বল এবং তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares