বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: চট্টগ্রাম জামায়াতের প্রতিবাদ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ
শাহজাহান চৌধুরীর বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: চট্টগ্রাম জামায়াতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশে নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ কাটাছেঁড়া করে ছড়িয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম।

সমাবেশে শাহজাহান চৌধুরী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্ত্র আসবে, বস্তায় বস্তায় কোটি কোটি টাকা ঢুকবে—এটাই স্বাভাবিক সম্ভাবনা।” তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিদেশি হস্তক্ষেপ, অবৈধ অস্ত্র ও অর্থের আগ্রাসন থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা— দাবি জামায়াত নেতৃবৃন্দের।

প্রশাসন প্রসঙ্গে দেওয়া তাঁর আরেক বক্তব্যকেও কেউ কেউ বিকৃতভাবে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, “এজন্য প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার হবে, মামলা হবে।”

জামায়াত নেতাদের দাবি, এখানে “আমাদের” বলতে তিনি নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তি, জনগণ ও রাষ্ট্রের স্বার্থকেই বুঝিয়েছেন। তাঁর বক্তব্যের ব্যাখ্যায় স্পষ্ট যে— প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগ ও তাদের মিত্রদের প্রভাবের কারণে দেশের স্বার্থের বিরুদ্ধে কার্যকলাপে লিপ্ত হতে পারে এবং এসব মোকাবিলার প্রয়োজনীয়তার কথাই তিনি তুলে ধরেছেন।

শাহজাহান চৌধুরী আশঙ্কা প্রকাশ করেন যে, পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত থেকে অস্ত্র ও অবৈধ অর্থ দেশে প্রবেশ করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা হতে পারে। এসব প্রতিহত করতে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানই তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য বলে জানায় জামায়াত চট্টগ্রাম।

জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, তাঁর বক্তব্যের প্রথম কয়েক সেকেন্ড ইচ্ছাকৃতভাবে কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিকৃত অর্থ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম নেতারা বলেন, পুরো বক্তব্য না দেখে বা না বোঝে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তারা সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ ও সত্য প্রকাশের আহ্বান জানান।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares