বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

সাম্পান ডেস্ক 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তারা বৈঠক করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দল তদন্তে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় একযোগে কাজ করার আশ্বাস দেয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষজ্ঞ দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তুরস্কের এ সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তুরস্কের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শনকালে জানান, ঘটনাটিতে কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা খতিয়ে দেখতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আসছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares