নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, শহরের বিভিন্ন এলাকায় বহিরাগত কিছু লোকের আবির্ভাব ঘটছে, সতর্ক থাকতে হবে।তাদের চিহ্নিত করে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
আঘাত আসার আগে পাল্টা আঘাতের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রের আলো ফুটে উঠার আগে তাকে নিভিয়ে দিতে হবে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদের ১ম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার হত্যার অপচেষ্টা হয়েছে।এই অপচেষ্টা ব্যর্থ হলেও শঙ্কা দূর হয়নি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন ষড়যন্ত্র চলছে এবং তারা আবার আঘাত হানবে।
তিনি বলেন, আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা আছে, কিন্তু মতাদর্শের ক্ষেত্রে ভিন্নতা নেই। তাই সংকীর্ণতা পরিহার করে আমরা যারা বঙ্গবন্ধুর মতাদর্শে বিশ্বাস করি তাদের ঐক্যবদ্ধ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই নৌকার বিজয় ছিনিয়ে এনে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে বসাতে হবে।
আ জ ম নাসির উদ্দিন বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ অনেক কর্মী তৈরি করে গেছেন। যারা দুঃসময়ে দলের ভিত্তিকে মজবুত করেছেন।তাই জামাল আহমদের মতো প্রয়াত ত্যাগী নেতাদের মনে রাখতে হবে আমাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা নানা কারণে ভালো অবস্থানে নেই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী,সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ বক্তব্য রাখেন।
