নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় চিরকুট লিখে রুকসি পারভিন জুবলি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
রবিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুকসি স্থানীয় আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। তিনি পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের কন্যা।
জানা যায়,সেহেরির সময় রুকসিকে পরিবারের সদস্যরা ডাকলে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ।এসময় তার লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়।চিরকুটে লেখা ছিলো,’ sorry আম্মু, আমি সাকিবকে ভালবাসি। আমি সাকিবকে বিয়ে করবো। আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। তোমরা আমাকে নিষেধ করার পরও আমি তাকে ভালবেসে যাচ্ছি। তাকে ছাড়া বাঁচতে পারবোনা। তাই আজ তোমাদের সব বলে দিলাম। তোমরা সবাই ভাল থেকো।”
স্থানীয়রা জানান, এই স্কুল ছাত্রীর সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। দু’জনের সম্পর্কের বিষয়টি তার বাবা-মা জানতে পারলে জুবলিকে সম্পর্ক না করার জন্য চাপ দেন। কিন্তু ঘটনার দিন রাতে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে তার বাড়িতে গোপনে আত্মহত্যা করে।
এই বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করি। দেখানে লাশের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।চিরকুটে একটা ছেলের সাথে প্রেমের বিষয় উঠে এসেছে।এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
