বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লিটনের সামনে তিন হাজার রানের মাইলফলক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ
লিটনের সামনে তিন হাজার রানের মাইলফলক

স্পোর্টস ডেস্ক 

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ নিয়েই উৎসাহ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে দুইজন— মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

আগামী ঢাকার দ্বিতীয় টেস্টে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার সঙ্গে জড়িয়ে থাকা এই টাইগার তারকা মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

তবে মুশফিকের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে আছেন লিটন কুমার দাসও। ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ রয়েছে তার সামনে। এখন পর্যন্ত ৫১ টেস্টে লিটনের সংগ্রহ ২৯২৯ রান। মাত্র ৭১ রান করতে পারলেই লিটন পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত তিন হাজার রানে। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৮টি অর্ধশতক ও ৪টি শতক রয়েছে। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো এই ডানহাতি ব্যাটারের।

বাংলাদেশের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম— ৬৩২৮ রান। তার পরেই আছেন তামিম ইকবাল (৫১৩৪), মুমিনুল হক (৪৬২৭) ও সাকিব আল হাসান (৪৬০৯)। প্রথম বাংলাদেশি হিসেবে ৩ হাজারি ক্লাবে যোগ দেওয়া সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আছেন ৩০২৬ রান নিয়ে পাঁচ নম্বরে।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ তাই শুধু মাঠের লড়াই নয়; মাইলফলক ছোঁয়ার দারুণ সুযোগ দুই অভিজ্ঞ টাইগারের।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares