লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (২০) নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (২০) ওই এলাকার নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে যায়। সেখানে গিয়ে ঝড় বাতাসে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন খোরশেদ আলম। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় অন্যরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
