বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের মনিটরিং অফিসার কামরুম মোয়াজ্জেমা, লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার সাকিলা আক্তারসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রদর্শনীভুক্ত প্রতিটি কৃষককে সরিষা বীজ ১.৫ কেজি, জৈব সার ১০০ কেজি, রাসায়নিক সার ১১২ কেজি, বালাইনাশক, ড্রাম, চালুনি ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।
লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান সোহেল বলেন, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সারাদেশে সরিষার আবাদ বাড়ানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় লামা উপজেলায় ১৩ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। সরিষা আবাদ শেষে কৃষকদের বোরো ও আমন মৌসুমেও সহায়তা দেওয়া হবে।
মনিটরিং অফিসার কামরুম মোয়াজ্জেমা বলেন, সরকারের লক্ষ্য হলো ভোজ্যতেলে আমদানি নির্ভরতা কমানো। এজন্য সারাদেশে তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানো হচ্ছে। পাশাপাশি দুই ফসলের জমিকে তিন ফসল এবং তিন ফসলের জমিকে চার ফসলের আওতায় আনা হচ্ছে। এই লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে।
