বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের দুর্নীতির কারণে জনগণ অসহায় : আবু সুফিয়ান

প্রকাশ: ১৯ মে ২০২২ | ৪:২৯ অপরাহ্ণ আপডেট: ১৯ মে ২০২২ | ৪:৩১ অপরাহ্ণ
লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের দুর্নীতির কারণে জনগণ অসহায় : আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর উপহাসমূলক বক্তব্য জাতিকে হতাশ করেছে, যা রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত। সরকারেরও মনে রাখা উচিত, বাংলাদেশের অবকাঠামোগত যত লক্ষনীয় উন্নয়ন সবকিছু বিএনপির হাতে গড়া। বিএনপি যে উন্নয়ন করেছিল তা শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে, যার সুফল দেশবাসী ভোগ করছে। আর বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের নামে জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের আখের গোছাচ্ছে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের উপর স্টিমরোলার চালানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের দুর্নীতির কারণে জনগণ অসহায়। এ দেশের সামাজিক অবস্থা যতই খারাপ হোক তাতে তাদের কিছু আসে-যায় না। কারণ ভোটবিহীন অবৈধ সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই।

আজ বৃহস্পতিবার ( ১৯মে) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতূবন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী ‘মত বিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেটা গোটা দেশের দাবি, জনগণের দাবি, জাতির দাবি। কিন্তু সরকার আরোও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আবারোও ক্ষমতায় আসার নীলনকশা তৈরি করছে। কিন্তু দেশের জনগণকে আর বোকা বানানো চলবেনা। জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে নিরেপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে।

তিনি বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার। সর্বস্তরের নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। তবুও গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলন থেকে নেতাকর্মীদের বিচ্যুত করা যায়নি। সকল ভেদাভেদ ভুলে আমাদের নেতাকর্মীরা আরো নতুন উদ্যোমে কাজ করবে। দাবি আদায়ে সব সময় মাঠে প্রস্তুত থাকবে।

তিনি আরো বলেন,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রাক্ষার জন্য আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সাহসী নেতৃত্বে যে অকুতোভয় কাফেলা দূর্বার গতিতে এগিয়ে চলছে এটা রুখার সাধ্য কোন অপশক্তির নেই। তারা কাংখিত লক্ষ্যে পৌছে বিজয় ছিনিয়ে আনবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেন, দেশ ও জাতির এই সংকটময় মুহুর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ও মতানৈক্য ভুলে গিয়ে সবাই মিলে রাজপথে সংগ্রামের কাফেলা গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, খুন-গুম, হামলা-মামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। হামলা, মিথ্যা মামলা গ্রেফতার নির্যাতনে আন্দোলন দুর্বল হয় না বরং শক্তিশালী হয়। এটাই আন্দোলনের প্রকৃত রূপ। যখন সরকারের পায়ের তলার মাটি সরে যায় এবং আস্থা সংকটে পড়ে তখন বিরোধী দলের নেতাকর্মীদের হামলা মামলা ও গ্রেফতার নির্যাতন করে বিরোধী দলকে দমন করতে চায়। ইতিহাসে কোন স্বৈরাচার সরকার হামলা মামলা করে বিরোধী দলকে দমিয়ে রাখতে পারেনি বরং ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের আওয়ামীলীগও আগামীদিনে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে।

সাতকানিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ লোকমান মেম্বার, আব্দুল মোমেন চৌধুরী, আবদুর রহিম মেম্বার, হাজী ছামাদ, নবনির্বাচিত সদস্য ইঞ্জি. মোহাঃ জিয়াবুল হোসেন, মোস্তাক আহমদ, দিদার হোসেন, আবুল কালাম, আবদুল নোমান, আবদুল আলীম, মোহাম্মদ মোর্শেদুল আলম, এম. সোহেল রানা সওদাগর, মোহাম্মদ ইসমাইল, শাহ আলম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আবছার, নূর মোহাম্মদ, মোঃ ইউনুছ সওঃ মেম্বার, সাতকানিয়া পৌরসভা বিএনপির নবনির্বাচিত আহবায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আবদুর রহিম, সিঃ যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক, ছৈয়দ বাহার উদ্দিন বুলু, মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares