বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) তাদের কার্যক্রম বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রোয়াংছড়ির বম সম্প্রদায়ের মানুষ ও স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিক জীবনে না ফিরলে কেএনএফকে প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় কেএনএফের ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন করা হয়। সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেনেট বম। লিখিত বক্তব্যে কেএনএফের প্রতি তিনটি বার্তা দেওয়া হয়। সেগুলো হলো ব্যাংক ডাকাতির সময় পুলিশ ও আনসার বাহিনীর লুট করা ১৪টি অস্ত্র ও গুলি ফিরিয়ে দেওয়া, অবৈধ সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেইটন বুইতিং বম তার বক্তব্যে বলেন, সারা দেশে শান্তিপূর্ণ ও সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান এখন আতঙ্কের নাম হয়েছে। একমাত্র কেএনএফের হত্যা, অপহরণ, ব্যাংক ও অস্ত্র লুটের কারণে এটি হয়েছে। তাদের অপকর্মের কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় শত শত পরিবার, বিশেষ করে বম জনগোষ্ঠীর মানুষ খেয়ে না খেয়ে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন পাইক্ষ্যং মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) বৈইথান বম, খ্রিস্টান পাদরি পারখুপ বম।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবানজুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
