বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে যুবলীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২ | ১২:১২ অপরাহ্ণ আপডেট: ১১ নভেম্বর ২০২২ | ১২:১২ অপরাহ্ণ
রাজধানীতে যুবলীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল

সাম্পান ডেস্ক

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ। এতে ঢল নামে নেতাকর্মীদের। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রাজধানীতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সকাল থেকেই দেখা যায় বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন নেতা কর্মীরা। পিকআপ, বাস ও ট্রাকে করে অনেকেই যান সমাবেশস্থলে। সমাবেশ শুরুর আগেই যুব মহাসমাবেশের সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে।

নির্দিষ্ট কিছু রঙের টিশার্ট আর ক্যাপ পরে সমাবেশে আসতে দেখা যাচ্ছে কর্মীদের। অনেকের টিশার্টে যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আগামী দিনের পদপ্রত্যাশীদের ছবিও রয়েছে। বহুল আলোচিত এই সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা শোভা পাচ্ছে।

যুবলীগের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে নেতা কর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares