বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে বিএনপির সঙ্গে  সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ
রাজধানীতে বিএনপির সঙ্গে  সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু

সাম্পান ডেস্ক

বিএনপির সঙ্গে সংঘর্ষের জেরে এক পুলিশ সদস্য মারা যাওয়ার ঘটনা ঘটছে। আহত ওই পুলিশ সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এখনও তার নাম জানা যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। এছাড়া ডিএমপি মিডিয়া থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলের দিকে বাচ্চু মিয়া জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রাথমিক সূত্র জানায়, রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ওই পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার বিকেলে সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত কনস্টেবলের মুখে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে পরে জানানো হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ জানায়, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ আগে আজ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ বিকেল ৪টা পর্যন্ত চলছিল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares