বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী খুনে জড়িত যুবক সিলেট থেকে গ্রেফতার

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩ | ৬:২৭ পূর্বাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৩ | ৬:২৭ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী খুনে জড়িত যুবক সিলেট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা রানী চাকমা (২৯) নামের এনজিও কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত মো. এনামুল হককে (৩০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন হওয়া চম্পা চাকমা খুনের একমাত্র আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হবে।

আটক এনাম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।খুন হওয়া চম্পা রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে। তিনি ‌‘পদক্ষেপ’ নামে একটি এনজিওর রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, অভিযুক্ত এনামুল তার বোনের মাধ্যমে এনজিও পদক্ষেপ থেকে ঋণ নেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে এনজিও কর্মকর্তা চম্পার সঙ্গে তার কয়েকবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আগে থেকে হত্যার পরিকল্পনা নিয়ে এনামুল গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ধামাইরহাট এলাকায় পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকেন। কাজ শেষে অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে চম্পার সঙ্গে এনামুলের কথা-কাটাকাটি হয়। এরপর এনামুল তার হাতে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares