সাম্পান ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়া এলাকার বাসিন্দা খোকন বসাকের বসতঘরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললীতা বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), ছেলে শৌরভ বসাক (১২) ও মেয়ে শয়ন্তী বসাক (৬)। এ ঘটনায় গৃহকর্তা খোকন বসাক (৪২) অগ্নিদগ্ধ হয়েছেন।
গুরুতর দগ্ধ গৃহকর্তা খোকন বসাককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেতরে আটকে পড়া দুই শিশুসহ পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধারের চেষ্টা করি। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মৃত্যু হওয়ায় তাদের মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়। বসতঘর সংলগ্ন রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
