নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোর সন্দেহ মো. রুবেল (২৭) নামে এক অটোরিকাশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগ রাত সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় স্থানীয় বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন যাবত লালানগর ৫নং ওয়ার্ডে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন।তার ছয় বছরের একটি পুত্র সন্তান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল রাত আড়াইটার দিকে তার সিএনজি-অটোরিক্সায় জ্বালানী গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হয়। গ্যাস নিয়ে আসার পথে তিনি লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে স্থানীয় কয়েকজন তাকে গতিরোধ করে।তারা রুবেল গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে কামরুলের মোবাইলের দোকানে চুরি করে দুই লাখ টাকা ও তিনটা মোবাইল নিয়ে আসেন বলে অভিযোগ করতে থাকেন।
জানা যায়, বিক্ষুব্ধ এই ব্যক্তিরা একপর্যায়ে অটোরিকশা চালক রুবেলকে লালানগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে নিয়ে ব্যাপক মারধর করেন। তিনি সেখানে চুরির সাথে। দু’জনের নাম স্বীকার করলে তাদেরও ধরে এনে মারধর করা হয়।এরমধ্যে মারধরে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে আসে।পরে ভোরে সেখান থেকে হাত-পা বাধা অবস্থায় রুবেলকে লাশ উদ্ধার করেন।
নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন, ‘রুবেল রাতে অটোরিকশা নিয়ে গ্যাস আনতে গিয়েছিলো।আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ মারধরে তার মৃত্যু হয়েছে।’
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নিহত রুবেল ইতোপূর্বেও একাধিক চুরির সাথে জড়িত ছিলো। গত দুইমাস আগেও চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলো। এরপর তার স্ত্রী ও স্ত্রীর বড়ভাই মো. জসিম মুচলেকা ও জরিমানা দিয়ে স্থানীয় সালিশ থেকে নিয়ে গিয়েছিলো।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, রুবেল নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।
