সাম্পান ডেস্ক
রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রবাসী ভাইকে নির্মমভাবে হত্যায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গতকাল ২৫ আগস্ট নগরের চাঁদগাঁও এবং ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আলী আকবর (৪৩) ও মুহাম্মদ তৈয়বুর রহমান টিপু (২৮)। তারা দু’জনে রাঙ্গুনিয়া থানার বাসিন্দা বলে জানা যায়।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, রাঙ্গুনিয়া থানাধীন ১নং রাজানগর ইউনিয়নে ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। উক্ত নির্বাচনে ৩ নং বগাবিলি ইউনিয়নে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান তৈয়ব মেম্বার ও আজগর আলী। নির্বাচনে আজগর আলী শোচনীয়ভাবে পরাজিত হন। এই পরাজয়ের কারণেই আজগর আলীর মনে ক্ষোভ সৃষ্টি হয় এবং তৈয়ব মেম্বারের সাথে শত্রুতা বাড়তে থাকে। এই ক্ষোভ থেকেই আজগর আলী তৈয়ব মেম্বারের উপর বেশ কয়েকবার হামলা করেন এবং সর্বশেষ ২০২২ সালে ২ ফেব্রুয়ারি তৈয়ব মেম্বারের প্রবাসী ভাই মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) কে উপজেলার রাণীরহাট বাজার থেকে নিজ বাড়ী ফেরার পথে বগাবিলি ব্রীজের কাছে পৌছালে এলাকার কতিপয় দুস্কৃতিকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অতর্কিত হামলা করে। ইউসুফ আলী’র হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালসহ তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ নগরীর পার্কভিউ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এই ঘটনায় ৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় ১২ জনকে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন
পরবর্তীতে ২০২২ সালে ১২ ফেব্রুয়ারী ভোর ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইউসুফ আলী মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, র্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ সাগরকে (২২) আটক করে এবং এ মামলার এজাহারনামীয় পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।
তিনি আরোও বলেন, এরই প্রেক্ষিতে গত ২৫ আগস্ট র্যাব একটি চৌকস দল নগরীর চাঁদগাও থানা এবং ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান পলাতক আসামী মোঃ আলী আকবর এবং মুহাম্মদ তৈয়বুর রহমান টিপু (২৮) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
