সাম্পান ডেস্ক
রাঙামাটিতে বিলুপ্তপ্রায় প্রাণী সাম্বার হরিণ ধরে জবাই করার আপরধে মো. সাইদুল ইসলাম (৪৫) নামের একজন কে আটক করেছেন বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম বিদ্যালয়ের পেছনে মো. সাইদুল ইসলামের বাড়ি থেকে সাম্বার হরিণের ২৫ কেজি কাটা মাংস, মাথা-চামড়াসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে বন বিভাগ।
এ ঘটনায় জড়িত মো. সাইদুল ইসলাম ভাসান্যদম ইউনিয়নের মৃত মো. জসিম উদ্দিনের ছেলে। পরে তাকে আটক করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মামলায় আদালতে পাঠায় বন বিভাগ। বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।
ডিএফও রেজাউল জানান, আজ সকাল ৯টার দিকে ভাসান্যদমে সাম্বার হরিণ ধরে জবাইয়ের খবর পাই, অভিযানে বিজিবির সদস্য সহযোগিতা করেছে।
তিনি আরও জানান, সাম্বার হরিণের মধ্যে বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। এ ঘটনায় মামলায় হয়েছে এবং আসামি সাইদুল আদালতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৭ ধারায় এই অপরাধে তিন লাখ অর্থদণ্ড, তিন বছরের কারাদণ্ড ও উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, মো. সাইদুল ইসলাম এর আগেও বিভিন্ন সময়ে বন্যপ্রাণী ধরে জবাই করে বিক্রি করতো। তবে বন বিভাগের কাছে সাইদুল দাবি করেছে, তার ফসলের ক্ষেতের আইলে দেয়া জালে বুধরাত রাতে আটকে যায় সাম্বার হরিণটি। পরে মুমুর্ষ অবস্থায় হরিণটিকে জবাই করে সাইদুল।
