সাম্পান ডেস্ক
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাউজান হাইওয়ে পুলিশ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করেছে।
আজ শনিবার (২২ অক্টোবর) সকাল দশটায় রাউজান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামরুল আজম এর নেতৃত্বে রাউজান- রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌরসভা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিকু দত্ত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম রাউজান, রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সহ-সভাপতি মো. নবীদুল, সাংগঠনিক সম্পাদক মো. জাবের আহমদসহ রাউজান হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুল আজম বলেন, দূর্ঘটনা, যানজট মুক্ত ও জনগণকে নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্যারের নির্দেশনায় স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক ও স্কুল- কলেজ শিক্ষার্থীদের নিয়ে আজকের এই ‘নিরাপদ সড়ক দিবস’ জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। এখানে সবার প্রতি অনুরোধ, ট্রাফিক সিগন্যাল যথার্থভাবে মেনে চলুন।আর সড়ক নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সড়ক ও ফুটপাতে চলাচলেও মনোযোগী থাকতে হবে।
