বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজান ও হাটহাজারীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ৬:০৮ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ৬:০৮ অপরাহ্ণ
রাউজান ও হাটহাজারীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী থেকে পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাউজানের ঘটনায় নিহত ব্যক্তি মো. শফি (৬৫)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা এবং চারা বটতল বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শফির চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফটিকা ইউনিয়নের কামালপাড়া এলাকায় একটি ভাড়া বাসার ছাদ থেকে মো. আলী আকবর (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আলী আকবর রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাগড়া খিলমোগল বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চার মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পরে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী এক নারীকে বিয়ে করে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। কয়েকদিন আগে তিনি রাঙ্গুনিয়ায় যান এবং সেখান থেকে ফিরে এসে রাতে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনিস জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এটি আত্মহত্যা না হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares