বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ ৫

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫ | ২:০৪ পূর্বাহ্ণ আপডেট: ৬ নভেম্বর ২০২৫ | ২:২৯ পূর্বাহ্ণ
রাউজানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ  গুলিবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন—সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও একরাম।

বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গুলি ছোড়ার পর হামলাকারীরা একটি গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সুমনের বুকে গুলি লেগেছে এবং তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

এলাকাবাসীরা জানান, গুলিবিদ্ধ চারজন বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তবে ঠিক কোন বিষয় নিয়ে এই হামলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। স্থানীয় রাজনৈতিক বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares