মীরসরাইয়ে চলন্ত ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় রেলওয়ে কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি মাইক্রোবাস চালক ও গেটম্যানকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে।
এছাড়া তদন্ত কমিটি ট্রেন দুর্ঘটনা রোধে ১১টি সুপারিশ করেছে।
রেলওয়ের ৪ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক হলেন পূর্বাঞ্চলের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার (ট্র্যাক) মো. আরমান হোসেন।
অন্য সদস্যরা হলেন- অ্যাডিশনাল সিওপিএস জাকির হোসেন, অ্যাডিশনাল সিএমই মোস্তফা মো. হাসান, অ্যাডিশনাল সিএসটি তারেক মো. সামস তুষার।
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিভাগীয় তদন্তে ৬টি সুপারিশ এবং উচ্চতর তদন্তে ১১টি সুপারিশ করা হয়েছে।
১১টি সুপারিশের মধ্যে রয়েছে- সকল লেভেল ক্রসিং গেইট হতে নিরাপদ দূরত্বে ট্রেন আসলে উচ্চ শব্দের স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে ওঠার সিস্টেম স্থাপন করা, লেভেল ক্রসিং গেইটগুলোর কারিগরি সম্ভাব্যতা অনুযায়ী ওভার পাস/আন্ডার পাস নির্মাণ এবং অন্যান্য গেইটে শ্রেণি নির্ধারণসহ ন্যূনতম তিনজন মনজুরী ও পদায়নের ব্যবস্থা নেওয়া এবং গেইটকিপারদের প্রশিক্ষণ ও খাকি ইউনিফর্ম সরবরাহ করা, এলসি গেইটগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদানসহ টেলিফোন সংযোগ প্রদান করা এবং সিসি ক্যামেরা স্থাপনা করা, এলসি গেইটের সড়ক পথের গ্রেডিয়েন্ট রেলপথের উভয় দিকে ন্যূনতম ৫০ ফুট পর্যন্ত সমান্তরাল রাখা, গেট ব্যারিয়ারের স্থান হতে অবৈধ বাজার, দোকানপাট, সাইন বোর্ড ইত্যাদি অপসারণের ব্যবস্থা নিয়ে উচ্ছেদ করা, এলসি গেইট পারাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ইলেক্ট্রনিক্স মিডিয়াতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান এবং নাটিকা নির্মাণ ও প্রচার করা।
