সাম্পান ডেস্ক
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা–সংক্রান্ত চুক্তির সব কার্যক্রম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করে যে রিট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে না।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এনসিটি পরিচালনা–সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট আবেদন করেন।
এসএস
