সাম্পান ডেস্ক
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে বাকলিয়া ও কর্ণফুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, অভিযানে কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকা থেকে জোহরা খাতুন (৫৮) এবং বাকলিয়ার বড় কবরস্থান এলাকা থেকে তার ছেলে মো. আইয়ুব (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার বাসিন্দা এবং মৃত মো. ইলিয়াসের স্ত্রী ও পুত্র।
তিনি আরও বলেন, ‘থানার একটি মাদক মামলায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই ধরপাকড় অব্যাহত থাকবে।
এসএস
