সাম্পান ডেস্ক
ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় ১৯২ বোতল এসকাফ সিরাপ উদ্ধারের ঘটনায় মো. মহসিন (৩৪) নামে এক যুবককে মাদক মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞার আদালত এ রায় ঘোষণা করেন।
আসামী মহসিন ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পশ্চিম পাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি মহসিনকে ১৯২ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার করে র্যাব-৭। গ্রেফতারের পর তার বিরুদ্ধে তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আসামির বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, সাক্ষ্যপ্রমাণে মো. মহসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছর বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় না করায় আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ের সময় মো. মহসিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
