সাম্পান ডেস্ক
কর্ণফুলী থানার মাদক মামলায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো.ইউনুছ।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর জানান, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজায় একটি কাভার্ড ভ্যান থামায় পুলিশের টহল দল। ওই কাভার্ড ভ্যানের চালক রুবেল মিয়া ও সহকারী ইউনুছকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানের কেবিন থেকে একটি ব্যাগে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। ২০২১ সালের ২৯ এপ্রিল তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
