নিজস্ব প্রতিবেদক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ বুধবার (১ অক্টোবর) মহানবমী। পূজার এই বিশেষ দিনে ভক্তরা প্রাণভরে দেবী দুর্গার দর্শন করছেন। কারণ, আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব, দেবী ফিরবেন কৈলাসে স্বামীর গৃহে। এ বছর তিনি দোলায় করে বিদায় নেবেন, এসেছিলেন গজে চড়ে।

অষ্টমীর শেষ প্রহরে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটজুড়ে দেবী চামুন্ডার আরাধনা করা হয়। এ সময় ১০৮টি প্রদীপ প্রজ্বলন ও ১০৮টি পদ্ম নিবেদন করা হয় দেবীর চরণে।
পুরোহিতদের বর্ণনায়, মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সকালে তর্পণ ও মহাস্নানের পর ভক্তরা অঞ্জলি দেন। সন্ধ্যায় মহাআরতি, বলিদান, নবমী হোম ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা।
ধর্মীয় বিশ্বাসে মহানবরাত্রির রয়েছে বিশেষ তাৎপর্য। তবে ভক্তদের কাছে এ দিনটি আনন্দ ও বেদনার মিশ্র প্রতীক—সারা বছরের প্রতীক্ষিত পূজা উৎসবের বিদায়বার্তা শুরু হয় এই নবমী নিশি থেকেই।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
এসএস
