নিজস্ব প্রতিবেদক
১৯৮১ সালে অনুষ্ঠিত আলোচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ( চাকসু) নির্বাচনে জিএস পদে বিজয়ী আব্দুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
বুধবার(১৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের একটি মসজিদে জোহরের নামাজের সিজদারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, আব্দুল গাফফার চৌধুর বুধবার চন্দনপুরাস্থ এমডিসি মসজিদে জোহরের নামাজে পড়তে যান।এরমধ্যে জামায়াত শেষে সুন্নাত পড়াকালীন সময় সিজদারত অবস্থায় তিনি ফ্লোরে ঢলে পড়েন।দ্রুত তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
১৯৮১ সালে ৫ম দফায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা সংঘাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সেই নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন বাঁশখালীর বাসিন্দা আব্দুল গাফফার চৌধুরী। সেসময় ভিপি নির্বাচিত হয়েছিলেন জামায়াতের বর্তমান কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন সরকার।যদিও গাফফার চৌধুরী জামায়াতের রাজনীতিতে বেশিদূর আগাতে পারেন নি। চট্টগ্রাম মহানগর জামায়াতের সাধারণ রোকন পদেই সীমাবদ্ধ ছিলেন একসময়ের প্রভাবশালী এই শিবির নেতা।তবে তিনি জামায়াত ঘরনার প্রকাশনা সংস্থা বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটির পরিচালক ( প্রশাসন) পদে দায়িত্বপালন করেছেন।
মৃত্যুকালে আব্দুল গাফফার চৌধুরীর বয়স হয়েছিল ৭৪ বছর।তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। বুধবার রাত ১১ টায় চট্টগ্রাম নগরের পুরাতন রেল স্টেশনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
