অনলাইন ডেস্ক
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
শনিবার (০১ নভেম্বর) বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব ও আঞ্চলিক সংলাপ জোরদারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।
তৌহিদ হোসেন আরও জানান, পারস্পরিক স্বার্থের উন্নয়ন ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সবসময় প্রস্তুত। তিনি ঢাকায় দ্বিতীয় ধাপের রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এসময় দুই দেশের বাণিজ্য, কর্মসংস্থান, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়।
পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে বাহরাইনে চলমান মানামা সংলাপের বিভিন্ন অধিবেশন ও সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন। সেখানে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা একত্র হয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন।
এসএস
