সাম্পান ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় কেটে যাবে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশে ভোটের পরিবেশ আছে। নির্বাচন কমিশন হাল ছেড়ে দেয়নি। তাঁর ভাষায়, ‘ভোট উৎসব হবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’
শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সম্ভাব্য প্রার্থীরা আতঙ্কিত কিনা—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘অসুবিধা নেই। ভয় কেটে যাবে। চিন্তা করবেন না। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী। ‘আমরা কনফিডেন্ট আছি। আমরা হাল ছাড়িনি। আমরা এগিয়ে যাব,’ বলেন সিইসি।
ভোটের পরিবেশ আছে কি না—এ প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায় এবং দেশের মঙ্গল চায়। তাঁর মতে, সময় যত এগোবে, ভয় তত কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা বিশ্বে একটি মডেল হয়ে থাকবে। প্রথমবার এ পদ্ধতি চালু করতে গিয়ে কিছু ভুল-ত্রুটি থাকলেও নির্বাচন কমিশন এতে সন্তুষ্ট। আগামী দিনে পোস্টাল ব্যালটের পরিসর আরও বাড়বে বলেও জানান তিনি।
পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানও ভোট উৎসবেরই অংশ।’
রহা
