বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

সাম্পান ডেস্ক:

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫–এ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সূচকে বাংলাদেশের স্কোর ২৪, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন এবং এশিয়া–প্যাসিফিক অঞ্চলে চতুর্থ সর্বনিম্ন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

টিআইবির তথ্য অনুযায়ী, বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত সিপিআই ২০২৫–এ অন্তর্ভুক্ত ১৮২টি দেশের মধ্যে স্কোরের উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম। একই স্কোর নিয়ে এ অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গত বছরের তুলনায় এক ধাপ অবনতি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্কোর গত বছরের তুলনায় ১ পয়েন্ট বেড়েছে। তবে এটি গত ১৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। টিআইবির বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনার কারণে এই সামান্য উন্নতি প্রতিফলিত হতে পারে।

সূচকে ৮৯ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। ৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং ৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। অন্যদিকে ৯ স্কোর পেয়ে যৌথভাবে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১০ স্কোর নিয়ে ভেনেজুয়েলা এবং ১৩ স্কোর পেয়ে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়াও নিম্ন তালিকায় রয়েছে।

দক্ষিণ এশিয়ায় ১৬ স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। এর পরই বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

সিপিআই–তে দুর্নীতির ধারণার মাত্রা ০ থেকে ১০০ স্কেলে নির্ধারণ করা হয়। এতে ০ মানে দুর্নীতির সর্বোচ্চ ব্যাপকতা এবং ১০০ মানে সর্বনিম্ন। সিপিআই ২০২৫–এ বৈশ্বিক গড় স্কোর ৪২, যেখানে বাংলাদেশের স্কোর ২৪—যা বৈশ্বিক গড়ের চেয়ে ১৮ পয়েন্ট কম। এশিয়া–প্যাসিফিক অঞ্চলের গড় স্কোর ৪৫, সেখান থেকেও বাংলাদেশ ২১ পয়েন্ট পিছিয়ে।

টিআইবির মতে, সূচকের ফলাফল দেশে দুর্নীতির পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক হিসেবে নির্দেশ করে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতির ঘাটতির ইঙ্গিত দেয়।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares