সাম্পান ডেস্ক
দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশি হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২১ জুন) সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে আমাদের জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে বিদেশি শক্তির হস্তক্ষেপ চলবে না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আজিজুর রহমান ও মাওলানা আবুল কালাম আজাদ।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “যারা অতীতে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এসেছে, তারাই গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার হরণ করেছে। আজ সময় এসেছে ‘জুলাই অভ্যুত্থানের চেতনায়’ উদ্বুদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশরক্ষার আরেকটি গণআন্দোলন গড়ে তোলার।”
ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। খুনিদের আশ্রয় দিয়ে তারা নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।”
জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, তারা সব সময় অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তবে খুনিদের বিচার ও সাংবিধানিক-প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “এই জাতিকে কার্যকর গণতন্ত্র, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ধর্মীয় মূল্যবোধে প্রতিষ্ঠিত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
সম্মেলনের বক্তারা রাজনৈতিক ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার স্বার্থে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
