সাম্পান ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এতে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। একজন প্রধানমন্ত্রীসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার বিকেল ৪টায় শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দলটির ইতিহাসে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
যারা মন্ত্রী নিয়োগ পাচ্ছেন
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান।
এছাড়া আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।
টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী হিসেবে শপথ নেবেন আমিনুর রশীদ ও খলিলুর রহমান।
যারা প্রতিমন্ত্রী হচ্ছেন
২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরমধ্যে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মো. আমিনুল হক।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টির ফলাফলে বিএনপি জোট পায় ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পায় ৭৭টি আসন, অন্যরা পায় ৮টি।
সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ দেন। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগ পর্যন্ত আগের মন্ত্রিসভা দায়িত্বে থাকবে।
রহা
