বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বার্মা কলোনিতে সাইফ ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ৩:১৮ অপরাহ্ণ আপডেট: ১৭ জুলাই ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ
বার্মা কলোনিতে সাইফ ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের হিলভিউ আবাসিক এলাকার বার্মা কলোনিতে ‘সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন’—এর উদ্যোগে আয়োজিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প।

বুধবার (১৬ জুলাই) শহীদ দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে । সংগঠনটি মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পরিচালিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

বার্মা কলোনির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া পরিবারগুলোর বর্তমান প্রজন্মও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এখানকার মানুষদের জন্য আধুনিক চিকিৎসা এখনও দুর্লভ এক সেবা। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ক্যাম্পটি আশার আলো হয়ে আসে।

সকাল ৮টা থেকে বার্মা কলোনি মোড়ের টিকা ও স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয় চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম। নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন বয়সী সহস্রাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন। পৃথক তিনটি কক্ষে চিকিৎসাসেবা দেওয়া হয়— একটি কক্ষে রক্ত পরীক্ষা, বাকি দুটিতে চক্ষু সেবা। নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা কক্ষ রাখা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. রায়হান ইবনে রুহুল এবং আই ফিজিশিয়ান মো. কফিল উদ্দিন মাহমুদ চিকিৎসা সেবা দেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ১৫ জন তরুণ। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন এবং সার্বিক নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম সাইফ।

চিকিৎসাসেবা পাওয়া স্থানীয় বাসিন্দারা জানালেন নিজেদের অভিজ্ঞতা। ষাটোর্ধ্ব আবুল হোসেন বলেন, অনেক দিন ধরে চোখে সমস্যা, আয় না থাকায় ডাক্তার দেখাতে পারি না। আজ সাইফ ভাইয়ের উদ্যোগে চক্ষু চিকিৎসা পেলাম, তাঁর জন্য দোয়া করি।

রহিমা আক্তার জানান, চোখে ঝাপসা দেখতাম, ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। আজ ডাক্তার দেখে খুব ভালো লাগছে। স্কুলছাত্রী নাজমা আক্তার বলেন, এই প্রথমবার আমার রক্তের গ্রুপ জানতে পারলাম। আমি এ পজেটিভ। আমার অনেক বান্ধবীও পরীক্ষা করেছে।

কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানান ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম খসরু, সাইফ ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মোশাররফ হোসেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাইফুল ইসলাম সাইফ বলেন, এই এলাকার দরিদ্র মানুষদের জন্যই এই উদ্যোগ। ফাউন্ডেশন থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা, রক্তদান, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নমূলক নানা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, আমাদের এলাকার মানুষের জন্য এটি বড় আশীর্বাদ। সাইফুল ইসলাম সাইফ মানুষের পাশে থাকেন, আমরা চাই তিনি আরও বৃহৎ পরিসরে কাজ করুন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares