নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আটটার দিকে বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কে এই ঘটনা ঘটেছে।স্থানীয় বিবাদমান সাজ্জাদ ও সরোয়ার গ্রুপের দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত দুই যুবকের নাম মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। দুজনের বাড়িই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশে। কায়সারের বাবার নাম মো. রফিক, আনিসের বাবার নাম মো. ইসহাক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে মাসুদ ও আনিস সড়কেই লুটিয়ে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই আনিস মারা যান। পরে স্থানীয় লোকজন এসে নিহত আনিসসহ গুরুতর আহত কায়সারকে সরিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পথে কায়সারও মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই এলাকায় সকাল থেকেই স্থানীয় সাজ্জাদ ও সরোয়ার গ্রুপের উত্তেজনা চলছিলো।এই উত্তেজিনার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সন্ধ্যার দিকেও ওই এলাকায় সোহেল ও মাসুম নামে দুজন আহত হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে ওই দুই যুবক অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।তারা অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কের নাহার কমিউনিটি সেন্টারের কাছাকাছি পৌঁছানোর পর তিনটি মোটরসাইকেলে করে আসা ঘাতকরা তাদের দিকে একযোগে গুলি ছুঁড়তে থাকে।এতে তাদের মৃত্যু হয়।আমরা এই ঘটনার তদন্ত করে দেখছি।
