সাম্পান ডেস্ক :
বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার করা আসামিদের মধ্যে ৩১ কেএনএফ সদস্যকে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বান্দরবান কারাগারের জেলার মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ায় কেএনএফের ১৬ নারী এবং ১৫ পুরুষ সদস্যকে সকালে পুলিশের কড়া নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালতের শুনানির দিন তাদের যথা সময়ে আবার বান্দরবানে আনা হবে।
৩১ কেএনএফ সদস্য হলো– বশির নাম, রুমাল কম, পিয়াম সম, লাল রুয়াই বম, মাসোয়া বম, ভানলাল দিক যম, পেনাল বম, নল খম বম, লাল ইমানুয়েল যম পায়েল, ভারো সাং বম, জানলাল সম বম, মৌনুন সাং বম, সাল দিন থার বম, পাসুং বম, নম জুয়েল বম, সাল লিয়ান সিয়াম বম, ডান নুয়াম থাং বম, লাল নু এং বম, লাল নুন বম, আলমন বম, সিং রেম ডাক বম, লাল নুন জির বম, লাল নুন কিম বম, লাল ড্রানহ কিম বম, নেমপেল বম, সাল সিং পার বম, ভানরিন কিম বম, চিং এং বম, ভানইন কিম বম, লাল রোয়াত ফেল বম, লাল নুই পুই বম, লাল এং কল বম ও পারঠা জোয়াল বম।
এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগে থেকে আটক আছে কেএনএফের আরও ১৬ জন সদস্য। তাদের মধ্যে একজন নারী এবং ১৫ জন পুরুষ।
এপর্যন্ত মোট ৯৫ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৯৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
