সাম্পান ডেস্ক
মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার বান্দরবানে বদলির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী ও আদিবাসী ছাত্রসমাজ।
রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবান জেলা শহরের মুক্তমঞ্চের সামনে আয়োজিত মানববন্ধনে ‘বান্দরবান আদিবাসী ছাত্র সমাজ’ এর ব্যানারে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বদলি আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান।
বক্তারা বলেন, বান্দরবান শান্তি ও পর্যটনের জেলা। এখানে বারবার বিভিন্ন অপরাধে জড়িত কর্মকর্তাদের শাস্তিস্বরূপ বদলি দেওয়া হচ্ছে, যা এই জেলার মর্যাদার প্রতি অবমাননাকর। অপরাধীর শাস্তি হওয়া উচিত, বদলি নয়।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এই ধরণের বদলি আদেশের মাধ্যমে কি প্রমাণ করা হচ্ছে—বান্দরবানে আসা মানেই এটি শাস্তির জায়গা? আমরা এই প্রথার অবসান চাই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী ছাত্রছাত্রী।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই ফেসবুকে একাধিক ছাত্রীর প্রতি অশালীন বার্তা পাঠানোর অভিযোগ ওঠে শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে। ঘটনার পর তাকে বান্দরবান বদলি করে একটি প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যা ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় স্থানীয় মহলে।
এসএস
