বান্দরবান প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
এবার উপজেলা নির্বাচন ভোটে দুই উপজেলায় দু’জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বান্দরবান সদর উপজেলায় সাত জন ও আলীকদম উপজেলায় চার জনকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দু’জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন। আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বান্দরবান সদর উপজেলায় ৪৫টি কেন্দ্রে ৭১ হাজার ৪৪৪ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫শত ৭০ জন এবং নারী ভোটার সংখ্যা ৩৩ হাজার ৮৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫ টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১৬৯ টি।
এছাড়া আলীকদম উপজেলায় ২১টি কেন্দ্রে ৩২ হাজার ৮০৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ২৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি এবং ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৯৪টি।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন জানান, সকাল থেকে দুই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে । এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। তাই রুমা, থানচি ও রোয়াংছড়ি তিন উপজেলায় উপজেলা নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। পরে সুবিধাজনক সময়ে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২১ মে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
