বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে কেএনএফ’র আরও ৩ সদস্য গ্রেফতার

প্রকাশ: ১৪ জুন ২০২৪ | ১২:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ১৪ জুন ২০২৪ | ১২:৩৬ পূর্বাহ্ণ
বান্দরবানে কেএনএফ’র আরও ৩ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার  হওয়া  কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা হলেন জন পল বম (২৭), লাল রুলাল খুপ বম (৫০)ও জনি লুসাই (৪১)। গ্রেফতার সকলেই রুমা উপজেলার বাসিন্দা।

বুধবার (১২ জুন) তাদের বান্দরবানের রুমা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গ্রেফতার আসামিদের পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে বান্দরবান সদরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে  আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা  আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এপর্যন্ত  মোট ৯৮ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৯৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন। যৌথ বাহিনীর টহলের ওপর হামলা করতে গিয়ে কেএনএফের মোট ১৪ জন নিহত হয়েছে।

বান্দরবানের রুমা  ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত রুমা থানায় ১৩ টি ও থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares