লামা উপজেলা প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে ভ্রমনে আসা ইফতেখারুল আহমেদ আবিদ(২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) দিন গত রাত ১ টায় উপজেলার মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনিতে মৃত্যু হয় বলে জানায় তার বন্ধুরা।
মৃত আবিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র।

আবিদের বন্ধু নাফিজ হাসান বলেন, টাঙ্গাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিন এর তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করেন। হঠাৎ রাত সাড়ে ১২ টায় তাদের মধ্যে ইফতেখারুল আহমেদ আবিদের খিছুনি উঠেলে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে আনা হয়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
