বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাড়বকুণ্ডে ধর্মসভা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ শুরু বৃহস্পতিবার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ৮:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ৮:৩৬ পূর্বাহ্ণ
বাড়বকুণ্ডে ধর্মসভা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ শুরু বৃহস্পতিবার

সাম্পান ডেস্ক:

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড শ্রীশ্রী রক্ষা কালী বাড়ীতে রক্ষাকালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনব্যাপী মহতী ধর্মসভা ও ২০ তম অষ্টপ্রহর মহানামযজ্ঞ শুরু হচ্ছে বৃহস্পতিবার।

এইদিন সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এই মহতি ধর্মসভা ও মহানামযজ্ঞ শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের তথ্যানুযায়ী, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমদিন অনুষ্ঠিত হবে মহতী ধর্মসভা। প্রথমদিনের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে গীতাপাঠ, রক্ষাকালী মায়ের বিশেষ পূজা ও ভোগারতি। গীতাপাঠ করবেন চট্টগ্রামের বিশিষ্ট গীতাপাঠক অলক দেবনাথ।

বৃহস্পতিবার বিকেল তিনটায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহতী ধর্মসভার উদ্বোধন করবেন চট্টগ্রাম কৈবল‍্যধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহারাজ। ধর্মসভায় আশির্বাদক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের পূজনীয় অধ‍্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখবেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার চৌধুরী।

প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের পূজনীয় অধ‍্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। রক্ষা কালী বাড়ি পরিচালনা পরিষদের সভাপতি রনজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় অন্যান্যর মধ্যে উপস্থিত থাকবেন শ্রীমৎ সন্তোষানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। ধর্মসভা শেষে এইদিন রাত ৮ টায় কীর্তনীয়া দল শ্রী রক্ষা কালী বাড়ি সম্প্রদায় (বাড়বকুণ্ড) মহোৎসবের অধিবাস কীর্তন পরিবেশন করবে। এসময় গৌর-নিতাইসহ পঞ্চতত্ত্ব আহবান এবং মোহন্ত বন্দনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয়দিন (শুক্রবার) ব্রহ্মমূহূর্ত থেকে চলবে অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। এতে নামসুধা বিতরণ করবেন কীর্তনীয়া দল অচ‍্যুতানন্দ সম্প্রদায় (চকরিয়া), ব্রজের মাধুরী সম্প্রদায় (পিরোজপুর), প্রভু প্রিয়া সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং প্রভু নিত‍্যানন্দ সম্প্রদায় (ভোলা)। গীতাপাঠ, ধর্মসভা, অধিবাস ও নামযজ্ঞ অনুষ্ঠানের দুইদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ করা হবে। ২৪ ডিসেম্বর (শনিবার) সকালে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এই ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞের প্রতিটি পর্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে সপরিজন ও সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মন্দির পরিচালনা পরিষদ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares