নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৩টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি সাবমেশিনগান (SMG), তিনটি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি, একটি সাবমেশিনগানের ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি, ২৫টি খালি খোসা, দুটি কার্তুজ এবং চারটি ওয়াকিটকি ও একটি মোটরোলা সেট। এছাড়া উদ্ধার করা হয় দুটি ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা সানগ্লাস, একটি স্পাই ক্যামেরা চার্জার, তিনটি পেনড্রাইভ, ইউপিডিএফ-এর চারটি পতাকা, পাঁচটি আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন বই।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এসএস
